কৃষিমন্ত্রীর নির্দেশ মানছে না প্রশাসন ময়নামতিতে অবাধে কাটা হচ্ছে মাটি
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের তিন ফসলী জমি থেকে অবাধে মাটি কেটে নিচ্ছে সিন্ডিকেট। রাতভর ডাম্পট্রাক ও ট্রাক্টরে মাটি পরিবহন করায় গ্রামীণ জনপদের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে। শব্দ ও বায়ুদূষণে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয়রা।
সরেজমিনে হরিনধরা, বাজেবাহেরচর, বাগিলারা, মইনপুর, কাঠালিয়া ও সিন্ধুরিয়াপাড়া এলাকায় দেখা যায়, প্রতিরাতেই জমির উর্বর টপসয়েল কেটে ইটভাটায় পাচার হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, রাজনৈতিক পরিচয় পাল্টে সিন্ডিকেট সদস্যরা প্রশাসন ও সাংবাদিকদের ম্যানেজ করে কোটি কোটি টাকা আয় করছে।
গ্রামবাসীর বাধার মুখে পড়লেও ভয়ভীতি দেখিয়ে তারা মাটি কাটা অব্যাহত রেখেছে। এতে সড়ক, পুল ও কালভার্টগুলো ঝুঁকির মধ্যে পড়েছে। আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায়ও মারাত্মক বিঘ্ন ঘটছে।
যদিও সরকারিভাবে তিন ফসলী জমির মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ, তবুও স্থানীয় পুলিশ ও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। নবনিযুক্ত কৃষি ও খাদ্যমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন সম্প্রতি মাটি কাটা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিলেও মাঠপর্যায়ে তার কোনো প্রভাব দেখা যাচ্ছে না।
অভিযোগ রয়েছে, মাটিকাটা সিন্ডিকেট কিছু অনলাইন সাংবাদিকদের ম্যানেজ করার কারণে প্রকৃত সাংবাদিকদের কাছে খবর পৌঁছায় না। ফলে ময়নামতির মানুষ বিনিদ্র রাত কাটাচ্ছে, আর প্রশাসন ও সাংবাদিকদের নীরবতায় সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠছে।














