বুড়িচংয়ে জমি নিয়ে বিরোধে তিনজন আহত পাল্টাপাল্টি অভিযোগ
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাত আনুমানিক ৭টা ১০ মিনিটে আবু সাইদের নিজ বাড়িতে হামলা চালিয়ে তাকে, তার স্ত্রী ও কন্যাকে গুরুতর আহত করা হয়।
ভুক্তভোগী আবু সাইদ জানান, প্রতিবেশী আলমগীরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার গ্রাম্য শালিস হলেও আলমগীর গংরা তা মানতে অস্বীকৃতি জানায়। বাড়ির চারপাশে টিনের বাউন্ডারি দেওয়াকে কেন্দ্র করে আলমগীর, পাবেল, রফিক ও সফিকুর রহমানসহ কয়েকজন অতর্কিতভাবে পাইপ, চাইনিজ কুড়াল ও দা দিয়ে হামলা চালায়। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রতিবাদ করায় আবু সাইদ ও তার পরিবারের ওপর নির্মম আঘাত হানে।
হামলাকারীরা বসতঘরের আসবাবপত্র ভাঙচুর করে, নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আহতদের চিৎকারে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় আবু সাইদ বুড়িচং থানায় অভিযোগ দায়ের করেছেন।
২৭ ফেব্রুয়ারি বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান সাংবাদিকদের জানান, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে উভয় পক্ষই আহত হওয়ার সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।”












