মুরাদনগরে চাঁদা না পেয়ে ধর্মমন্ত্রী ও ঠিকাদারকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচার
কুমিল্লার মুরাদনগর উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এতে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও স্থানীয় ঠিকাদার ইকবাল হোসেনের নাম জড়িয়ে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ইকবাল হোসেনের একটি উন্নয়নমূলক কাজকে কেন্দ্র করে একটি পক্ষ চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কয়েকটি ফেসবুক আইডি ও ভুয়া পেজ থেকে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়। অভিযোগ রয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মন্ত্রীর নামও এই ইস্যুর সঙ্গে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
স্থানীয় নেতাকর্মীরা দাবি করেন, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যেই এসব অপতৎপরতা চালাচ্ছে। তাদের ভাষ্য, “চাঁদা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করছে।”
এ বিষয়ে ঠিকাদার ইকবাল হোসেন বলেন, কিছুদিন ধরে একটি মহল তাকে লক্ষ্য করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি ভুয়া আইডি ব্যবহার করে তার কাছে বিভিন্নভাবে টাকা দাবি করেন। তিনি সেসব আইডি ব্লক করলে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়। প্রয়োজন হলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।
এদিকে সচেতন মহল সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে যথাযথ যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছেন।














