দেবিদ্বারে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও চোর চক্রের ৬ জন আটক
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদক ও চুরি প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার এসআই অজয় চক্রবর্তী ও এসআই ভবতোষ কান্তি দে এর নেতৃত্বে দক্ষিণ ভিংলাবাড়ী ও মির্জানগর এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ইয়াবা বেচাকেনার সময় দক্ষিণ ভিংলাবাড়ী ও মির্জানগর থেকে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মুরাদনগরের নবীপুর পশ্চিম ইউনিয়নের মো. এনাম সরকার (৩৪) ও আহমেদ আলী (৩০), দেবিদ্বারের ভিংলাবাড়ীর মো. লিটন (২৪) ও মো. লিটন (৪২)।
এ ছাড়া পৌরসভার পুরাতন বাজার এলাকার মো. সুমন (৩০) এবং মাশিকাড়া এলাকার মো. শরীফ (২৪) নামে চোর চক্রের আরও দুই সদস্যকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে মোট ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেবিদ্বার ও মুরাদনগরের বিভিন্ন এলাকায় ইয়াবা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। এ ঘটনায় শনিবার (৪ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দেবিদ্বারকে মাদকমুক্ত রাখতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী বা সেবনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।”



















