কুমিল্লায় ভুয়া ডিবি পরিচয়ে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
কুমিল্লায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে মোঃ সিয়াম (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার (০৮ এপ্রিল ২০২৬) ভোর রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বিষ্ণুপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সিয়ামকে গ্রেফতার করা হয়।
তার হেফাজত থেকে ডিবি পুলিশের ২টি জ্যাকেট, ১টি হ্যান্ডকাফ, ৭৯০০ পিস ইয়াবা, ২ বোতল বিয়ার, ৫ বোতল বিদেশি মদ এবং ৩ বোতল স্কাফ উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত সিয়াম কুমিল্লার কোতয়ালী থানার রাঙ্গুরী গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করত।
এছাড়া সে ডিবি পুলিশের জ্যাকেট ও হ্যান্ডকাফ ব্যবহার করে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রতারণা ও অপরাধমূলক কার্যক্রম চালাতো। এর আড়ালেই মাদক ক্রয়-বিক্রয় কার্যক্রম পরিচালনা করত।
র্যাব-১১ জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



















